রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফুটপাত উচ্ছেদের পর সড়ক ও ফ্লাইওভারের নিচে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার রাত ১১টা থেকে বুধবার ভোর ৫টা পর্যন্ত টানা ছয় ঘণ্টা পরিচ্ছন্নতা অভিযান চালান তাঁরা।
স্থানীয় ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবুর নেতৃত্বে প্রায় ৫০ জন নেতাকর্মী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ অভিযানে অংশ নেন। তাঁদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি রূপগঞ্জের ভুলতা এলাকায় ফুটপাত থেকে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদের পর সড়কের বিভিন্ন অংশে এবং ভুলতা ফ্লাইওভারের নিচে বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা জমে ছিল। এতে পরিবেশ দূষণের পাশাপাশি জনসাধারণের চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এ পরিস্থিতিতে পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও মানুষের চলাচল নির্বিঘ্ন করতে গভীর রাতে ময়লা-আবর্জনা অপসারণের উদ্যোগ নেন ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবু।
জাহিদুল ইসলাম বাবু বলেন, রূপগঞ্জের মাটি ও মানুষের নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়ার স্বপ্নের রূপগঞ্জ গড়ার নির্দেশনায় আমরা ছাত্রদলের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছি। ফুটপাত উচ্ছেদের পর সড়ক ও ফ্লাইওভারের নিচে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নিয়েছি। শুধু ভুলতা ইউনিয়ন নয়, রূপগঞ্জের অন্যান্য এলাকায়ও ময়লা-আবর্জনা থাকলে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাব।