নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সময় গড়ায়, বদলায় জীবন; বদলে যায় ব্যস্ততার চেনা পথ। তবু পুরোনো বন্ধুত্বের টান থেকে যায় হৃদয়ে অমলিন। স্মৃতির পাতায় লেখা গল্পগুলো কখনো হয় না মলিন। সেই বন্ধন আরও দৃঢ় করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘ফ্রেন্ডস অব ঢাকা নিউমার্কেট ২০০০’ সংগঠনের পুনর্মিলনী।
শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর রূপায়ণ টাওয়ারের রুফটপ গ্রিন লাউঞ্জে এ আয়োজন করা হয়। এতে আইনজীবী, সাংবাদিক, মডেল, ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, নাট্যকার, ছড়াকার, কবি ও চাকরিজীবীসহ বিভিন্ন পেশার বন্ধু ও বান্ধবীরা অংশ নেন।
অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে ছিলেন শারমিন আক্তার ইতি, জাকির খান, মারজুন, ফিরোজ, আকতার হোসেন, সাইফুল ইসলাম, অমিত হাসান, মাহবুব, রাজু ও ইস্তিয়াক হোসেন। তাঁদের সম্মিলিত উদ্যোগে পুরোনো বন্ধুদের একত্র করা এবং পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য বাড়ানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়।
বন্ধুত্বের সম্পর্কে সময়ের ব্যবধানে দূরত্ব তৈরি হলেও হৃদয়ের বন্ধন যে অটুট থাকে, পুনর্মিলনীতে তারই প্রতিফলন ঘটে। পরিচিত মুখের দেখা, কুশল বিনিময়, স্মৃতিচারণ ও হাসি-আড্ডায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
আয়োজনে মধ্যাহ্নভোজের পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বন্ধুদের মধ্যে আনন্দ ভাগাভাগি ও পারস্পরিক সম্প্রীতির পরিবেশ তৈরি হয়।
আয়োজকরা জানান, কর্মব্যস্ত জীবনের ফাঁকে পুরোনো বন্ধুদের একত্র করা, সম্পর্কের সেতুবন্ধন অটুট রাখা এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
বন্ধুত্বের নেই বয়সের সীমা, স্মৃতির নেই শেষ—পুরোনো বন্ধুদের মিলনে ফিরে আসে চেনা দিনের রেশ।