আলিফ হোসেনঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদল নেতা ও কাঠ ব্যবসায়ী রিপন মিয়া (৪২) হত্যা মামলার এজাহারনামীয় আসামি সারোয়ার খানকে (২০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। মঙ্গলবার (২০ অক্টোবর) গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ফ্লাইওভারের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১১-এর নারায়ণগঞ্জ ও গাজীপুরের যৌথ অভিযানে নিজস্ব গোয়েন্দা নজরদারি এবং ঢাকা ইন্টেলিজেন্সের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সারোয়ার খানকে গ্রেপ্তার করা হয়। কালিয়াকৈর থানাধীন চন্দ্রা ফ্লাইওভারের পাশে তানহা ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার সারোয়ার খান রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের পাইস্কা গ্রামের মোক্তার খানের ছেলে। তিনি রিপন মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি।
মামলার তদন্তকারী কর্মকর্তা রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল জব্বার সারোয়ার খানের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর পূর্বশত্রুতার জের এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভোলাবো ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি রিপন মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি রাজনীতির পাশাপাশি কাঠ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
এ হত্যাকাণ্ডের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা।
এ ঘটনায় নিহত রিপন মিয়ার ছেলে শাওন ইফাত বাদী হয়ে নয়জনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সারোয়ার খানকে তিন নম্বর আসামি করা হয়েছে।
পুলিশ আরো জানায়,সারোয়ার খানের গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলার তদন্তে নতুন অগ্রগতি হয়েছে। হত্যাকাণ্ডে অন্য কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা উদ্ঘাটনে তদন্ত চলছে। অন্য আসামিদের গ্রেপ্তারের বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।