শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে রনি ডাইংয়ের দূষণে বিপর্যস্ত জনজীবন রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক নূর নবী ভূঁইয়াকে সংবর্ধনা প্রদান রূপগঞ্জ সদর ইউনিয়ণ পরিষদের নবনিযুক্ত প্রশাসক নূর নবী ভূঁইয়াকে গণসংবর্ধনা ফায়ার সার্ভিস জাতির আস্থার প্রতীক  – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রূপগঞ্জে পুলিশের উপর হামলা-  হাতকড়াসহ আসামী ছিনতাই, আহত ৬ সাভারের সাব-রেজিস্ট্রার প্রত্যাহার, বিভাগীয় মামলা দায়ের পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে  মানববন্ধন ও বিক্ষোভে  শুধু অবকাঠামো নয়, মানসম্মত শিক্ষায় জোর- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢেঁড়সের পানি—ডিটক্স ট্রেন্ডে নতুন সংযোজন, হজম থেকে ত্বক যত্নে বহুমুখী উপকার ডিটক্স ওয়াটার: ওজন নিয়ন্ত্রণ ও ত্বকের উজ্জ্বলতায় জনপ্রিয় স্বাস্থ্যকর পানীয়
আড়াইহাজারে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলা: বিএনপি সমর্থকদের সাতজন আহত

আড়াইহাজারে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলা: বিএনপি সমর্থকদের সাতজন আহত


নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগ ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে “জয় বাংলা” স্লোগান দিয়ে বিএনপি সমর্থকদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

আহতরা হলেন—মো. গিয়াসউদ্দিন (৪২), হাবিবুল্লাহ মিয়া (৫৫), মো. পিয়ারিম (৪০), আসমা বেগম (৫০), মো. মোবারক (২২), মো. ইব্রাহিম (২৩) ও মো. কামাল হোসেন (৩৪)।

খাগকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকারিয়া জানান, হামলার শিকার সবাই বিএনপি সমর্থক। তিনি অভিযোগ করেন, ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. শাহ আলমের নেতৃত্বে অর্ধশতাধিক ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি কর্মীদের বাড়িতে হামলা চালায়। এতে অন্তত ১২টি বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়।

তিনি বলেন, “শাহ আলমের লোকজন টার্গেট করে আমাদের বাড়িঘরে হামলা চালিয়েছে। ভোরের দিকে বাসায় ফেরার পরপরই তারা এ হামলা চালায়। মসজিদের মাইকে ঘোষণা দিলে গ্রামবাসী জড়ো হয়ে তাদের ধাওয়া দেয়।”

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে শাহ আলম ও বিএনপি নেতা জাকারিয়ার মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব চলছে। এর আগেও তাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, “লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে শাহ আলমের নেতৃত্বে কিছু লোক হামলা চালিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনাস্থল থেকে ককটেল সদৃশ বিস্ফোরণের আলামত উদ্ধার করা হয়েছে।”

তিনি আরও জানান, “পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।”

রাত পৌনে আটটা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে নিশ্চিত করেছেন ওসি। তবে ভুক্তভোগীদের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।

অন্যদিকে অভিযুক্ত শাহ আলমের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT