নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সোনাইমুড়ীতে দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। একই সঙ্গে হামলার ঘটনায় মামলা না নেওয়া এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ না করার অভিযোগ উঠেছে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেনের বিরুদ্ধে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সোনাইমুড়ীর ফয়েজিয়া এতিমখানায় এতিমদের জন্য বরাদ্দ অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর দৈনিক আমাদের সময়ের সোনাইমুড়ী প্রতিনিধি ও দৈনিক নোয়াখালীর কথার স্টাফ রিপোর্টার গোলজার হানিফ এবং দৈনিক ভোরের চেতনার সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি মো. মনিরুজ্জামানের ওপর হামলা চালানো হয়। এ সময় তাদের সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
সাংবাদিক নেতাদের অভিযোগ, হামলার ঘটনায় মামলা করতে গেলে সোনাইমুড়ী থানার ওসি মো. কবির হোসেন মামলা না নিয়ে লিখিত অভিযোগটি রেখে দেন। চার দিন পার হলেও মামলা গ্রহণ না করে তদন্তের নামে সময়ক্ষেপণ করা হচ্ছে বলে দাবি করেন তারা। একই সঙ্গে আহত সাংবাদিকদের বিরুদ্ধেও তথ্য-প্রমাণ ছাড়াই চাঁদাবাজির অভিযোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।
বক্তারা আরও অভিযোগ করেন, সোনাইমুড়ী চৌরাস্তার ‘চড়ুইভাতি পার্টি সেন্টারে’ হামলার ঘটনার সিসিটিভি ফুটেজও পুলিশ এখনো সংগ্রহ করেনি। এ ছাড়া এতিমদের সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, তথ্য-প্রমাণের ভিত্তিতে দুর্নীতির সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগের। তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে নোয়াখালীর পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।
তবে অভিযোগের বিষয়ে সোনাইমুড়ী থানার ওসি মো. কবির হোসেন বলেন, সাংবাদিকদের অভিযোগের প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে।
মানববন্ধনে বক্তব্য দেন দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বাবু, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, এ আর আজাদ সোহেল, এটিএন নিউজের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান, আরটিভি ও দৈনিক আগামীর সময়ের নোয়াখালী প্রতিনিধি গিয়াস উদ্দিন রনি, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মুজাহিদ ইসলাম সোহেল, সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন ভূঞা এবং সোনাইমুড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রাজসহ অনেকে।