নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও এক ছাদের নিচে মিলিত হতে যাচ্ছেন এসএসসি-২০০০ ব্যাচের বন্ধুরা। আগামী ৬ নভেম্বর ২০২৬ সিলেটে অনুষ্ঠিত হবে ব্যাচের বন্ধুদের মিলনমেলা। এ আয়োজন ঘিরে বন্ধুদের মধ্যে চলছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রস্তুতি।
সিলেটের কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এ মিলনমেলার আয়োজন করা হয়েছে। সিলেটের বন্ধুদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেবেন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এসএসসি-২০০০ ব্যাচের বন্ধুরা।
আয়োজনকে ঘিরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে প্রচার-প্রচারণা, আমন্ত্রণ ও নানা পরিকল্পনা। দীর্ঘদিন পর বন্ধুদের সঙ্গে দেখা, পুরোনো দিনের স্মৃতিচারণ এবং প্রাণখোলা আড্ডার অপেক্ষায় রয়েছেন অংশগ্রহণকারীরা।
আয়োজকদের প্রত্যাশা, এ মিলনমেলার মধ্য দিয়ে পুরোনো বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হবে। কর্মব্যস্ত জীবনের নানা ব্যস্ততা পেছনে ফেলে সবাই একত্রিত হয়ে কাটাবেন আনন্দঘন সময়।
বন্ধুত্বের টানে আবারও এক হওয়ার এ আয়োজনে এসএসসি-২০০০ ব্যাচের সব বন্ধুকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।