রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের জিন্দার পলখান এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই কলেজ শিক্ষার্থীসহ তিনজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে উপজেলার পলখান এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—পলখান এলাকার বাবুল মিয়ার ছেলে কলেজ শিক্ষার্থী আলতাফ হোসেন ডিজান, সিফাত ও তাদের রক্ষা করতে এগিয়ে আসা সাত্তার।
স্থানীয়দের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, পলখান এলাকার বাবুল মিয়ার সঙ্গে একই এলাকার শাহীন আকন্দের দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে শনিবার রাতে শাহীন আকন্দ, তুহিন, নাঈম, আলামীনসহ ১৫-১৬ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাবুল মিয়াকে খুঁজতে পলখান বাজারে যায়। সেখানে বাবুলকে না পেয়ে তার কলেজপড়ুয়া ছেলে ডিজান ও সিফাতকে একটি দোকানে বসা অবস্থায় দেখতে পেয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাদের গুরুতর জখম করা হয়। তাদের রক্ষা করতে এগিয়ে এলে সাত্তার নামে আরও এক যুবককেও কুপিয়ে জখম করা হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত ডিজানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় বাবুল মিয়া বাদী হয়ে শাহীন আকন্দসহ নয়জনকে আসামি করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।