বিনোদন ডেস্ক
থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার দিকে কোলান দ্বীপে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, পাহাড়ের ওপর শুটিং শেষ করে নিচে নামার সময় স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান খায়রুল বাসার ও চিত্রগ্রাহক মেহেদী রনি। এ সময় শুটিং টিম কিছুটা দূরে থাকলেও পরে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করেন।
দুর্ঘটনায় খায়রুল বাসারের বুকে ও হাঁটুতে আঘাত লাগে। বর্তমানে হাঁটতে তার কষ্ট হচ্ছে। অন্যদিকে চিত্রগ্রাহক মেহেদী রনির শরীরের বিভিন্ন অংশ ছুলে গিয়ে তিনিও আহত হয়েছেন।
দুর্ঘটনার বিষয়ে খায়রুল বাসার বলেন, নাটকের শুটিংয়ের জন্য তারা থাইল্যান্ডে গিয়েছিলেন। কোলান দ্বীপে পাহাড়ের ওপর একটি দৃশ্যের শুটিং শেষে নিচে নামার সময় হঠাৎ স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে তারা পড়ে যান।
দুর্ঘটনার পর শুটিং স্থগিত করা হয়েছে। দুজনেরই এক্স-রে করানোর কথা রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অভিনেতা।
খায়রুল বাসার জানান, থাইল্যান্ডে একসঙ্গে কয়েকটি নাটকের শুটিং করতে গিয়েছেন তিনি। ঈদের পর দীর্ঘ বিরতি শেষে এবারই বিদেশে শুটিংয়ে অংশ নিয়েছিলেন। তবে দুর্ঘটনার কারণে আগামী কয়েক দিন তার পক্ষে শুটিং করা সম্ভব হবে না।
নাটকটির সহশিল্পী হিসেবে সাদনিমা বিনতে নোমানসহ আরও কয়েকজন অভিনয় করছেন।