রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি বক্তা ও প্রচারক আলহাজ্ব মাওলানা মীর মোঃ হাবিবুর রহমান যুক্তিবাদী (৭৯) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে ৭টায় রাজধানীর এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রূপগঞ্জের বানিয়াদী হাবিবিয়া হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে।
১৯৪৭ সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর হারিন্দা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ধর্মীয় শিক্ষাজীবন শেষে তিনি দেশে-বিদেশে ইসলাম প্রচারে ব্যাপক ভূমিকা রাখেন। লন্ডন, আমেরিকা, কানাডাসহ বিভিন্ন দেশে ধর্মীয় আলোচনায় অংশ নিয়ে তিনি পরিচিতি লাভ করেন। ইসলামে নারীর মর্যাদা, ধর্ম ও ইবাদত, মুক্তির সহজ পথসহ তার একাধিক গ্রন্থ রয়েছে।