মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট পূর্বাচল লেকে কলেজছাত্র হত্যা: দুর্ঘটনার নাটক সাজিয়ে লাশ ডুবিয়ে রাখে ৫ বন্ধু, ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ২ কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি সুস্থতার জন্য ভারতে, দেশে ফেরার আগেই আগুনে গেল জীবন এমপি দিপু ভূইয়ার সঙ্গে মিল্কভিটার নতুন কমিটির সাক্ষাৎ পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার, সহযোগীও আটক আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণ: তিন আসামির যাবজ্জীবন
জামিন পেলেন বিএনপি নেতা সাখাওয়াত

জামিন পেলেন বিএনপি নেতা সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জ জজ আদালত চত্বরে এক বিচারপ্রার্থী ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুম ১০০ টাকা মুচলেকায় সাখাওয়াতসহ মামলার ছয় আসামির জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

জামিন পাওয়া অন্য আসামিরা হলেন—সাখাওয়াতের অনুসারী তিন আইনজীবী খোরশেদ আলম, মো. আল আমিন ও বিল্লাল হোসেন, তার সহকারী (মুহুরি) হিরণ বাদশা ও রাসেল বেপারী।

আদালতে নিজে নিজের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। শুনানিতে তার সঙ্গে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী আব্দুল বারী ভূঁইয়া, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান এবং অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক নয়ন।

তবে, বাদীপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। মামলার বাদী রাজিয়া সুলতানা অভিযোগ করেন, প্রভাবশালী বিএনপি নেতা ও জ্যেষ্ঠ আইনজীবী সাখাওয়াতের বিরুদ্ধে আদালতে কেউ দাঁড়াতে চাননি। তিনি দাবি করেন, আদালত ভবনের বারান্দায় উপস্থিত থাকলেও তাকে এজলাসে প্রবেশে বাধা দেন সাখাওয়াতের অনুসারী আইনজীবীরা।

এ বিষয়ে আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, “রাষ্ট্রপক্ষে আমরা জামিনের বিরোধিতা করেছি। তবে আমার নজরে কাউকে এজলাসে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা আসেনি।”

জামিন পাওয়ার পর বার ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাডভোকেট সাখাওয়াত। তিনি বলেন,

“আমি সব সময় আদালত প্রাঙ্গণকে পবিত্র রাখার চেষ্টা করেছি। অন্যায়-অবিচারের বিরুদ্ধে সব সময় সোচ্চার থেকেছি। অথচ আজ এমন একটি মিথ্যা মামলায় আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হলো—এই দুঃখ কাউকে বোঝাতে পারবো না।”

২০১১ সালে আলোচিত সাত খুন মামলায় বাদীপক্ষের আইনজীবী হিসেবে আলোচনায় আসেন অ্যাডভোকেট সাখাওয়াত। পরে ২০১৬ সালের নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীকে মেয়র প্রার্থী হয়েও আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর কাছে পরাজিত হন।

গত রোববার আদালত প্রাঙ্গণে শহরের কালিরবাজার এলাকার স্যানেটারি ব্যবসায়ী মো. ইরফান মিয়া ও তার পরিবারের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ইরফানের স্ত্রী রাজিয়া সুলতানা ফতুল্লা মডেল থানায় অভিযোগ করেন, যেখানে হামলার নির্দেশদাতা হিসেবে সাখাওয়াত হোসেনের নামও উল্লেখ করা হয়। তিন দিন পর, মঙ্গলবার রাতে মামলাটি নথিভুক্ত করে পুলিশ।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT