নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ঐতিহাসিক পানাম নগরী, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘর ও জামদানি পল্লী পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে তিনি প্রতিনিধি দল নিয়ে পানাম নগরীর বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখেন। পরে সকাল ৯টার দিকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘর ও কারুপল্লিতে অবস্থিত জামদানি পল্লী পরিদর্শন করেন।
এ সময় মার্কিন রাষ্ট্রদূতের প্রতিনিধি দলের সদস্যদের পাশাপাশি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম, পানাম নগরীর সহকারী কাস্টডিয়ান তানজিলুর রহমান এবং সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।