নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাইলাবো গ্রামে গভীর রাতে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে হাজী আব্দুর রশিদ বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের দাবি, ১০ থেকে ১২ জনের একটি ডাকাতদল বাড়িতে প্রবেশ করে। তাদের মধ্যে দুজন মুখোশ পরিহিত ছিল বলে জানা গেছে। ডাকাতরা বাড়ির তালা ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের গলায় ছুরি ধরে জিম্মি করে।
এ সময় এক গৃহবধূ চিৎকার করলে ডাকাতরা তাকে রশি দিয়ে বেঁধে গলায় ছুরি ধরে রাখে। পরে ডাকাত দলের সদস্যরা বাড়ির চারটি কক্ষ তল্লাশি করে নগদ ২ লাখ ২০ হাজার টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) মুক্তার হোসেন বলেন, ডাকাতির ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। তবে ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।