নিজস্ব প্রতিবেদক
সুস্থ হয়ে স্বজনদের কাছে ফিরবেন—এমন প্রত্যাশা নিয়েই চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তের পরিবার। কিন্তু চিকিৎসা শেষে দেশে ফেরার আগেই কলকাতার একটি আবাসিক হোটেলের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী, শিশুপুত্র ও শ্বশুর।
গত ১৩ আগস্ট স্ত্রী আফশানা শিম্মিন, তিন বছরের ছেলে শর্ণশীষ দত্ত ও শ্বশুর মো. আকরাম আলীকে নিয়ে ভারতের বেঙ্গালুরু যান দেবাশীষ। সেখানে নারায়ণা হাসপাতালে চিকিৎসা শেষে মঙ্গলবার (১৮ আগস্ট) কলকাতায় ফেরেন তাঁরা। এরপর একটি আবাসিক হোটেলে ওঠেন।
পরদিন ১৯ আগস্ট তাঁদের বাংলাদেশে ফেরার কথা ছিল। কিন্তু দেশে ফেরার মাত্র কয়েক ঘণ্টা আগে রাতের ভয়াবহ অগ্নিকাণ্ড কেড়ে নেয় পরিবারের চার সদস্যের প্রাণ।
স্বজনদের জন্য এটি যেন আনন্দের প্রত্যাবর্তনের অপেক্ষা থেকে মুহূর্তেই নেমে আসা এক অসহনীয় শোক। চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফেরার কথা ছিল যাঁদের, তাঁদেরই মরদেহ ফেরানোর অপেক্ষায় এখন স্বজনরা।
দেবাশীষ দত্তের আট বছর বয়সী মেয়ে পাখি কুষ্টিয়ার বাড়িতে থাকায় অগ্নিকাণ্ডের সময় সে পরিবারের সঙ্গে ভারতে ছিল না। ফলে পরিবারের চার সদস্যকে হারিয়ে ছোট্ট পাখিই এখন বেঁচে থাকা স্বজনদের কাছে এই পরিবারের একমাত্র সন্তান।