নিজস্ব প্রতিবেদক:
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, স্বৈরাচারী সরকারের পরোক্ষ মদতে পানি নিষ্কাশনের খালগুলো বেদখল ও ভরাট হয়ে গেছে। দখলকারীরা যত শক্তিশালীই হোক না কেন, সরকারি নদী, নালা, খাল, বিল ও জমি কেউ দখল করে রাখতে পারবে না।
মঙ্গলবার (১১ আগস্ট) দিনব্যাপী নারায়ণগঞ্জ-নরসিংদী অগ্রণী সেচ প্রকল্পের যাত্রামুড়া, গন্ধর্বপুর, ভুলতাসহ আশপাশের এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জলাবদ্ধতা নিরসনে বেদখল হয়ে যাওয়া খালগুলো উদ্ধার করা হচ্ছে। নদী-খাল দখল করে জলাবদ্ধতা সৃষ্টি করতে দেওয়া হবে না। পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, ‘আমরা সরকার গঠন করলে ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খনন করা হবে।’ সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। দেশের নদী ও খালগুলো পুনরুদ্ধার ও খননের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জয়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, তারাবো পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন ভুঁইয়া, যুবদল নেতা মামুন ভুঁইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।*#*