নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা পলাতক আসামী শামীম মিয়াকে (৪২) হাতকড়াসহ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ মে) ভোর সাড়ে ৫টার দিকে পুলিশের ওপর সংঘবদ্ধ হামলা চালিয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হত্যা, মাদক ও অস্ত্রসহ ডজনখানেক মামলার পলাতক আসামী শামীম মিয়াকে ভোরে তার বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের খবর মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে তার সমর্থক ও স্থানীয় দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল করে পুলিশকে ঘেরাও করে। একপর্যায়ে তারা পুলিশের ওপর চড়াও হয়ে হামলা চালায় এবং শামীম মিয়াকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়।
হামলাকারীরা পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করে, গাড়ির চাকা কেটে দেয় এবং একটি ওয়াকিটকি ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের হাতাহাতির ঘটনাও ঘটে।
এ ঘটনায় রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিনসহ ৬ পুলিশ সদস্য আহত হন। আহত অন্যরা হলেন এসআই রৌশন আলী, এসআই সিরাজুল ইসলাম, এসআই নাজিম উদ্দিন, কনস্টেবল আব্দুস সামাদ ও শাহদাৎ হোসেন। তাদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পরে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ৭ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে। ঘটনার পর দিনভর চনপাড়া এলাকায় অভিযান চালানো হয় এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় শামীম মিয়ার স্ত্রী সাথী আক্তার (৩১)সহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে গোলাম কিবরিয়া, দাদন মিয়া, ইমরান হোসেন, সাব্বির হোসেন, ইউনুস আলী, ইউসুফ মিয়া, সুমন মিয়া, শফিকুল ইসলাম, আজগর আলী, রুহুল আমীন ও আফছার উদ্দিন রয়েছেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, হামলায় ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে পুলিশ, র্যাব ও গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে জড়িতদের গ্রেপ্তার করে।
এ ঘটনায় রূপগঞ্জ থানার এসআই ইউনুস আলী খান বাদী হয়ে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা প্রদান এবং সরকারি সম্পত্তি ক্ষতিসাধনের অভিযোগে ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০-২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পলাতক আসামীকে পুনরায় গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।