রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রূপগঞ্জ উপজেলায় মাদক কারবারি ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন। বিশেষ করে মাদক কারবারিদের বাড়িতে মজুত থাকা অবৈধ অস্ত্র উদ্ধার এবং তালিকাভুক্ত সন্ত্রাসীদের তৎপরতা বন্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সক্রিয় থাকার নির্দেশনা উপজেলা প্রশাসনের।
উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হোসেন।
উক্ত সভায় বক্তারা বলেন , নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম, অস্ত্রের মহড়া বা মাদক ব্যবসার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়েছে এবং চিহ্নিত সন্ত্রাসীদের চলাফেরা ও কর্মকাণ্ড কঠোর নজরদারির আওতায় আনা হবে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে সভায় আরও বলা হয়, নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, পুলিশ ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করা হবে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, মোহনা টেলিভিশন সাংবাদিক সাত্তার আলী সোহেল, যমুনা টেলিভিশনের জয়নাল আবেদীন জয়, ৭১ টেলিভিশনের রিয়াজ হোসেন, সময় টেলিভিশনের রাশেদুল ইসলাম, দেশ টেলিভিশন এর রাসেল মাহমুদসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে বলেন , মাদক ও অস্ত্রমুক্ত পরিবেশ নিশ্চিত হলে নারায়ণগঞ্জে রূপগঞ্জসহ প্রত্যেক উপজেলায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে—ইনশাআল্লাহ।