রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
শিক্ষা ব্যবস্থার গুণগত পরিবর্তনে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মানসম্মত শিক্ষাদানের ওপর গুরুত্বারোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
রবিবার রূপগঞ্জের তারাব পৌর মিলনায়তনে “শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত শিক্ষার প্রত্যাশিত উন্নয়ন হয়নি। দীর্ঘ সময় ধরে সুস্পষ্ট ভিশনের অভাব ছিল।”
তিনি বলেন, “এইচএসসি পাস করার পরও অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না, যা আমাদের শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতাকে তুলে ধরে।”
অবকাঠামো উন্নয়নের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, “লক্ষ টাকা খরচ করে ভবন নির্মাণ করছি, কিন্তু ভেতরে শিক্ষা কী হচ্ছে—সেটা দেখতে হবে। কারিকুলাম, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা ও শিক্ষাদানের দক্ষতার সমন্বয় জরুরি।”
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, “যোগ্য শিক্ষক যেন শ্রেণিকক্ষে থাকেন, তা নিশ্চিত করতে হবে। শুধু ওপর থেকে সিদ্ধান্ত দিয়ে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন সম্ভব নয়—শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।”
বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, “শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ ছাড়া টেকসই শিক্ষাব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়।” তিনি শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, দরিদ্র কিন্তু মেধাবী শিক্ষার্থীদের চিহ্নিত করে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি, ডিজিটাল শিক্ষা সম্প্রসারণ, শিক্ষক প্রশিক্ষণ এবং জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন।
তারাব পৌরসভা ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। এতে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আবদুস সালাম, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন।